Views Bangladesh Logo

চট্টগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় চারজন সমর্থক ও দুজন পোলিং এজেন্ট আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আহতরা ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থীর সমর্থক। আহত ব্যক্তিরা হলেন—শাহাদাত হুজুর (৪৫), মুনতাসির (২২), একরাম (২৫) ও আরিফ (৩১)। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন দুই পোলিং এজেন্ট মো. রুবেল ও আসিফুল ইসলাম। গুরুতর আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ বলেন, আওয়ামী লীগের কর্মীদের প্রতিহত করতে গিয়ে জামায়াত ও সুন্নী জোটের প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি অনিচ্ছাকৃত।

তবে স্থানীয় কয়েকজনের দাবি, বাইরে থেকে লোক এনে ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্রের আশপাশে উপস্থিত ছিলেন না।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, “ভোটকেন্দ্র থেকে নির্ধারিত দূরত্বের মধ্যেই ঘটনাটি ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অবস্থান করছেন।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ