ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঈশ্বরদী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সজীব হাসান দাবি করেন, ঈশ্বরদী সরকারি কলেজে আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এজন্য কলেজ কর্তৃপক্ষ থেকে আমরা অনুমতি নিয়েছি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছি। সাড়ে ১১টার দিকে বকুল মোড় থেকে মিছিল নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে গেলে ছাত্রদলের নেতা-কর্মীরা আমাদের ওপর ইট-পাটকেল দিয়ে ঢিল ছুড়ে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
কার্যালয় ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘কারা ছাত্রদলের অফিস ভাঙচুর করেছে সে বিষয়ে আমরা কিছু জানি না।’
পাল্টা অভিযোগ করে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন খান বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে কলেজের ছাত্রদলের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। হঠাৎ ১০০-১৫০ জন শিবিরকর্মীরা বহিরাগতদের নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর তারা কলেজ চত্বরে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় কলেজ গেটের সামনে ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় শিবিরের নেতা-কর্মীরা ভাঙচুর করে।‘
এ ব্যাপারে ঈশ্বরদী শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুই পক্ষই কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে