Views Bangladesh Logo

নবীনবরণকে কেন্দ্র করে সুনামগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ইটপাটকেলের আঘাতে পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক দফায় গোবিন্দগঞ্জ পয়েন্টে এ সংঘর্ষ চলে।

সংঘর্ষের কারণে সুনামগঞ্জ-সিলেট সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে বহু যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির পৃথক মিছিল বের করে। মিছিল দুটি কলেজের প্রধান ফটকের সামনে এলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া।

পরিস্থিতি একপর্যায়ে কলেজের সামনের এলাকা ছাড়িয়ে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুর আলম বলেন, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ছাত্রশিবিরের কয়েকজন কর্মী কলেজের বাইরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদ করায় ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের নেতা-কর্মীরা হামলা করেন।

তবে অভিযোগ অস্বীকার করে গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সভাপতি জুনায়েদ আহমদ বলেন, প্রতিবছরের মতো এবারও ছাত্রশিবির নবীনবরণ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য কর্মসূচি নিয়েছিল। শিক্ষার্থীদের উপহারসামগ্রী দিয়ে বরণ করার সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম বলেন, কলেজের ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কলেজের গেটের বাইরে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

ছাতক থানার উপপরিদর্শক ভক্ত চন্দ্র দত্ত বলেন, গোবিন্দগঞ্জ পয়েন্টে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ