বিএনপি সংস্কারবিরোধী, এ বক্তব্য মিথ্যা ও বিভ্রান্তিকর: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংস্কার চায় না, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং এর মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় হবিগঞ্জের তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি শুধু সংস্কার চায় না, বরং সংস্কার বাস্তবায়ন করবে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব ও অস্তিত্ব, কিন্তু কিছু মানুষ এই ইতিহাসকে খাটো করার চেষ্টা করছে।
তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন বাংলাদেশের আরেকটি গৌরবের ইতিহাস, এবং বিএনপি এই জুলাই আন্দোলন ও অভ্যুত্থানকে ধারণ করে।
দলীয় শৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তাই বিএনপিতে কোনো দুষ্ট মানুষের ঠাঁই হবে না।”
এ সময় তিনি অবহেলিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে স্থানীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আমিনুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
বক্তারা তেলিয়াপাড়া চা বাগানকে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ স্মৃতিবাহী স্থান হিসেবে উল্লেখ করে এর সংরক্ষণ ও এখানে একটি পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা জাদুঘর নির্মাণের দাবি জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে