Views Bangladesh Logo

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবি ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৩ এপ্রিল) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। এ ব্যাপারে তিনি বলেন, সিকেডি ইউরোলজি হাসপাতালের চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মঈনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এর আগে গত ১১ এপ্রিল সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল সকালে শ্যামলী ৩ নম্বর রোডে বাদীর বাসার সামনে এসে মঈন ও তার সহযোগীরা দরজা খুলতে বলেন। বাদীর স্ত্রী দরজা খুলে দিলে মঈন তাকে হুমকি দিয়ে বলেন যে, চাঁদা বাবদ এখনই ৫ লাখ টাকা দিতে হবে। অন্যথায় বাদী ও তার স্ত্রীর বড় ধরনের ক্ষতি করা হবে।

আসামিরা এ সময় উচ্চস্বরে চিল্লাচিল্লি ও উশৃঙ্খল আচরণ শুরু করলে পরিস্থিতি আঁচ করতে পেরে বাদী রুমের ভেতরে অবস্থান নেন এবং তার ছোট ভাই মনির তালুকদারকে ফোন করেন। ছোট ভাই বাসায় পৌঁছালে মঈনসহ অজ্ঞাতনামা ৭/৮ জন আসামি বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন এবং আরও লোক জড়ো করতে থাকেন।

এজাহারে আরও বলা হয়, এক পর্যায়ে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে তারা সিকেডি হাসপাতালের সামনে এসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন। তারা হাসপাতালের সামনে উশৃঙ্খল আচরণ ও গালাগালির পাশাপাশি স্লোগান দিতে থাকেন। আসামিরা হাসপাতালের মালিক ডা. মো. কামরুল ইসলামকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও হুমকিসূচক স্লোগান দেন।

বাদী আরও উল্লেখ করেন, আসামিরা পরিকল্পিতভাবে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে মেডিকেলের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা ও পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ