Views Bangladesh Logo

মুজিবনগর দিবসে সরকারি কার্যক্রম না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

মুজিবনগর দিবসে সরকারের কোনো মন্ত্রী বা কর্মকর্তা মুজিবনগরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ না করায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।

১৭ এপ্রিল মুজিবনগর পরিদর্শন শেষে অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরিদর্শক দলটি সেদিন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

মূল বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু সাঈদ খান। তিনি জানান, ১৯৭১ সালের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের পর ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় দেশ-বিদেশের সাংবাদিকদের উপস্থিতিতে প্রথম বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। সেদিনই স্থানটির মুজিবনগর নামকরণ করে বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয় এবং ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিবনগরই ছিল বাংলাদেশের ঘোষিত রাজধানী।

আবু সাঈদ খান আরও জানান, এ বছর দিবসটি পালনে সরকারের কোনো নির্দেশনাই ছিল না। স্থানীয় মুক্তিযোদ্ধা ও কয়েকটি বাম সংগঠন ছাড়া আর কেউ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেননি। তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছদ্মবেশী দুর্বৃত্তরা মুজিবনগর কমপ্লেক্স ভাঙচুর করে বেশ কিছু ভাস্কর্য ধ্বংস করেছে। অথচ অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে নির্লিপ্ত থেকেছে এবং হামলাকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি।

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০০টি ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। জাতীয় চার নেতার ভাস্কর্য, অপারেশন সার্চলাইটের ঘটনাচিত্র এবং স্বাক্ষরস্থানসহ প্রায় সব স্থাপনাই আঘাতপ্রাপ্ত হয়েছে। বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, মুজিবনগর গোটা জাতির সম্পদ ও অহংকার। এই স্মৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃত্বাধীন সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে — মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সসহ সারা দেশে ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নির্মাণ, হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার, রাষ্ট্রীয়ভাবে মুজিবনগর দিবস পালন, স্মৃতি জাদুঘরের নির্মাণকাজ দ্রুত বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের নিরপেক্ষ ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ