যানজটে নাকাল রাজধানীবাসী
সিএনজিচালিত অটোরিকশা চালকদের আন্দোলনের জেরে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক-মহাসড়কে অসহনীয় যানজট তৈরি হয়েছে। অবরোধ তুলে নিয়ে তারা সড়ক থেকে সরে গেলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।
বাড়তি ভাড়া আদায়কারী চালক-মালিকদের ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডের বিধান বাস্তবায়নে বিআরটিএর কঠোর নির্দেশনা জারির প্রতিবাদে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিভিন্ন মোড়ে অবস্থান নেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। তারা সড়ক অবরোধ ও যান চলাচল বন্ধ করে দিলে তীব্র যানজট ও জনভোগান্তি তৈরি হয়। মিরপুর-১, মিরপুর-১৪ ও রামপুরার বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্টসহ ঢাকার প্রবেশদ্বার যাত্রাবাড়ী ও গাবতলী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষ, স্কুলগামী ছাত্র-ছাত্রী এবং পথচারীদের।
দুপুরে চালকদের আন্দোলনের মুখে চার-স্ট্রোক বিশিষ্ট তিন চাকার যানবাহন সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করে বিআরটিএ। পরে রাস্তা থেকে সরে যান আন্দোলনকারীরা।
দুপুর বারোটায় বাসাবো, শান্তিনগর ও মালিবাগে ছিল যানবাহনের লম্বা সারি ও তীব্র যানজট। রাস্তায় হাঁটতে থাকা শত শত যাত্রীর একজন এমদাদুল করিম জানান, তিনি যাত্রাবাড়ী থেকেই হাঁটছেন।
রামপুরা ব্রিজ হয়ে নতুন বাজারের দিকে হাঁটতে থাকা যাত্রী সমরঞ্জন কুঠাল জানালেন, তার অফিসে পৌঁছানোর প্রয়োজন ছিল সকাল ১০টার মধ্যে। কিন্তু তীব্র যানজটে তাকে হাঁটা শুরু করতে হয়েছে। সময়মতো অফিসে পৌছাতে না পারায় কৈফিয়তের মুখে পড়তে হবে৷
মিরপুর, ক্ষিলক্ষেত, উত্তরা, ফার্মগেট, আজিমপুর, গুলিস্তানসহ অন্য পয়েন্টগুলোতেও তীব্র যানজট ও ভোগান্তির পরিস্থিতি দেখা গেছে।
রামপুরা থানার উপ-পরিদর্শক রাকিব জানান, আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে গেছেন। আটকে থাকা যানবহন ধীরে ধীরে ছাড়ার কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
বাড্ডার ব্যবসায়ী সোহাগ মিয়া বলেন, প্রায় প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও রাস্তা বন্ধ করে আন্দোলন চলছে। সড়কে ভোগান্তি পোহানো রাজধানীবাসীর নিত্যরুটিনে পরিণত হয়েছে। তিনি অনুরোধ জানিয়ে বলেন, যারা আন্দোলন ও কর্মসূচি করতে চান, তারা যেন রাস্তা না আটকে ভিন্ন উপায়ে তা করেন।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বদরুদ্দোজা চৌধুরীর অভিযোগ, এলোপাতাড়ি আন্দোলন ও যাত্রীভোগান্তি নিরসনে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান উদ্যোগ নেই। দিনের পর দিন এই অচলাবস্থা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সরকারের কাছে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি।
মতামত দিন