আইভীর সঙ্গে দেখা করায় সিটি করপোরেশন কর্মচারীকে চাকরিচ্যুতের অভিযোগ
কারামুক্ত হওয়ার পর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সঙ্গে তার বাসভবনে দেখা করায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) এক কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। তবে সিটি করপোরেশনের প্রশাসক এই দাবি অস্বীকার করে জানিয়েছেন, সাবেক মেয়র আইভীর সঙ্গে দেখা করার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়নি।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে টরিক আহমেদ নামের ওই চতুর্থ শ্রেণির কর্মচারীকে (পিয়ন) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
টরিক আহমেদের দাবি, দেওভোগ এলাকায় সাবেক মেয়র আইভীর বাসভবনের পাশেই তার নিজের বাড়ি। বুধবার রাতে জামিনে মুক্ত হয়ে আইভী বাড়ি ফিরলে অন্য প্রতিবেশীদের মতো তিনিও শুভেচ্ছা জানাতে যান। পরে ওই সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে পরদিন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন তাকে ডেকে নিয়ে সাবেক মেয়র আইভীর বাসায় যাওয়ার বিষয় নিয়ে কথা বলেন। এরপর তিনি চাকরি থেকে ছাঁটাই হন।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। টরিককে চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সাবেক মেয়র আইভীর সঙ্গে দেখা করার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়নি। তিনি সিটি করপোরেশনে পিয়নের চাকরি করার পাশাপাশি একটি ব্যাংকের এজেন্ট শাখায় কাজ করত। সিটি করপোরেশনে হাজিরা দিয়ে তিনি চলে যান। এ অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
এদিকে কারামুক্তির পর ডা. সেলিনা হায়াত আইভীর বাসভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, সব মামলায় জামিন পাওয়ার পর গত বুধবার (৩ জুন) রাতে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে