Views Bangladesh Logo

৮ গোলের রোমাঞ্চ, ব্রোবির হ্যাটট্রিক ছাপিয়ে সিটির ৫-৩ জয়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ইতিহাদে যেন গোলের উৎসব। একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণ আর পাঁচবার লিড বদলের নাটক। প্রথমার্ধেই হয়েছে পাঁচ গোল, বিরতির পর আরও তিনটি। সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবির হ্যাটট্রিক ম্যাচে উত্তেজনা বাড়ালেও শেষ হাসি হেসেছে ম্যানচেস্টার সিটি। গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করেছে সিটি। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান এখন ৩ পয়েন্ট।

ইতিহাদে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। নবম মিনিটেই এগিয়ে যায় সিটি। ফ্রি-কিক থেকে দুর্দান্ত বাঁকানো শটে সান্ডারল্যান্ডের জালে বল পাঠান এনসো ফের্নান্দেস। ম্যানচেস্টার সিটির জার্সিতে এটি ছিল তাঁর প্রথম গোল।

তবে গোল হজম করেও ভেঙে পড়েনি সান্ডারল্যান্ড। কিছুক্ষণ পরই সমতায় ফেরে তারা। এনজো লে ফির পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ব্রায়ান ব্রোবি। এরপর দুই দলই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। সান্ডারল্যান্ডের বিল্ডআপ থেকে বল কেড়ে নিয়ে আবারও সিটিকে এগিয়ে দেন রায়ান শেরকি।

সিটির দ্বিতীয় গোলের পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি স্বাগতিকরা। আবারও লে ফির পাস থেকে আক্রমণ তৈরি করে সান্ডারল্যান্ড। থমাস মুনিয়েরের বাড়ানো বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন ব্রোবি। অফসাইডের সম্ভাবনায় ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। বিরতির ঠিক আগে সিটির হয়ে তৃতীয় গোল করেন আন্তোয়ান সেমেনিও। ফলে ৩-২ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা ধীর হয়ে আসে ম্যাচের গতি। তবে ৬০ মিনিট পার হওয়ার পর আবারও গোলের দেখা পায় সিটি। মার্ক গেহির পাস থেকে বাঁ পায়ের শটে দূরের কোণে বল পাঠান সেমেনিও। এটি ছিল ম্যাচে তাঁর দ্বিতীয় গোল, আর সিটির ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-২।

কিন্তু সান্ডারল্যান্ডও হাল ছাড়েনি। মাত্র দুই মিনিটের ব্যবধানে ম্যাচে আবারও উত্তেজনা ফেরে। গ্রানিত শাকার পাস থেকে নিলসন অ্যাঙ্গুলো বল বাড়িয়ে দেন ব্রোবির দিকে। সিটির রক্ষণ ভেদ করে নিজের তৃতীয় গোল করেন এই ডাচ ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে এটি ছিল ব্রোবির প্রথম হ্যাটট্রিক।

এরপর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় সান্ডারল্যান্ড। সিটি তখন বলের নিয়ন্ত্রণ ধরে রেখে সময় কাটানোর পাশাপাশি আক্রমণেও ওঠার চেষ্টা করে। একপর্যায়ে গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার ভুলে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সান্ডারল্যান্ড। তবে রুবেন দিয়াজের সময়োপযোগী হস্তক্ষেপে বিপদ কেটে যায়।

শেষ পর্যন্ত ৮১ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় সিটি। ইয়োস্কো গাভারদিওলের ক্রস থেকে গোল করেন আর্লিং হালান্ড। এতে ৫-৩ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা এবং সান্ডারল্যান্ডের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও শেষ হয়ে যায়। গোলটির মাধ্যমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত হালান্ড যে দলগুলোর বিপক্ষে খেলেছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই গোল করার কীর্তি গড়েন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

এদিকে দিনের অন্য ম্যাচে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আলেকসান্ডার ইসাক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ