বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণের দাবি নাগরিক প্রতিনিধিদলের
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন চত্বরে ভাঙচুর হওয়া বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণের দাবি জানিয়েছে ঢাকার একটি নাগরিক প্রতিনিধিদল।
বৃহস্পতিবার দুপুরে ভাস্কর্যটি পরিদর্শন করে প্রতিনিধিদলের সদস্যরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ভাস্কর্যটি আগের স্থানে আরও নান্দনিকভাবে পুনর্নির্মাণের আহ্বান জানান।
প্রতিনিধিদলে ছিলেন মানবাধিকারকর্মী নূর খান লিটন, সাংবাদিক আবু সাঈদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তানজীম তিতিল এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতা দীপায়ন খীসা।
নূর খান লিটন বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুর মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত।
তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভাস্কর্যটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার সঙ্গে আপসের কোনো সুযোগ নেই। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তারাই এ ধরনের ঘটনার পেছনে রয়েছে।
সাংবাদিক আবু সাঈদ খান বলেন, দিনের বেলায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক।
তিনি জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশ এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরে প্রতিনিধিদলের সদস্যরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, গত ১৩ জুলাই ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় স্থাপিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ শুরু হয়। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে ১৭ জুলাই জেলা প্রশাসন ভাঙার কাজ স্থগিত করে।
মতামত দিন