আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম
আসন্ন জাতীয় বাজেটে সিগারেটের দাম বাড়ানোর পাশাপাশি শুল্ক ও কর কাঠামো আরও যৌক্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী অর্থবছরে সীমিত পরিসরে উত্তরাধিকার কর চালু করা হবে। পাশাপাশি ২০২৭-২৮ অর্থবছর থেকে উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য আয়কর হার ৫ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে।
কর ব্যবস্থার অগ্রগতি তুলে ধরে এনবিআর চেয়ারম্যান জানান, ২০১৪ সালে টিআইএনধারীর সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ, যা বিভিন্ন ক্ষেত্রে বাধ্যতামূলক করার ফলে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করায় রিটার্ন দাখিলের হারও বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে এটি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, করদাতাদের উৎসাহিত করতে ধাপে ধাপে প্রণোদনা চালুর পরিকল্পনা রয়েছে। প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিলকারীরা বিশেষ সুবিধা পাবেন, দ্বিতীয় প্রান্তিকে জমাদানকারীরা নিয়মিত করদাতা হিসেবে বিবেচিত হবেন। তবে তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর আরোপের বিধান রাখা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে