নতুন বাজেটে চার স্তরেই বাড়বে সিগারেটের দাম
জনগণের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বরাবরের মতো এবারও ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সিগারেটের দাম বাড়াতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। তামাকজাত এই পণ্যের চারটি স্তরেই মূল্য বাড়ানোর পাশাপাশি প্রথমবারের মতো বাজারে আসা নতুন তামাকপণ্য ‘নিকোটিন পাউচ’-এর দামও নির্ধারণ করে দিচ্ছে সরকার।
অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বাজেট বক্তৃতায় প্রতি ১০ শলাকা সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্নস্তরে ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা, মধ্যম স্তরে ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অতি উচ্চ বা প্রিমিয়াম স্তরে ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে আসন্ন বাজেটে সিগারেটের ওপর সর্বোচ্চ সম্পূরক শুল্কহার ৬৭ শতাংশ করার প্রস্তাবও দেবেন তিনি।
এ ছাড়াও নতুন অর্থবছরের বাজেট প্রথমবারের মতো ১০ গ্রাম ওজনের নিকোটিন পাউচের দাম ৫০০ টাকা নির্ধারণ করা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

মতামত দিন