Views Bangladesh Logo

১১৫ কোটি টাকা মানি লন্ডারিং: নূর আলীর বিরুদ্ধে সিআইডির মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

সরকারি জমিতে গড়ে ওঠা ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং’ প্রকল্পে অনিয়ম, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের অভিযোগে ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী এবং তার প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনহীন ভবনে হোটেল ব্যবসা পরিচালনার মাধ্যমে অভিযুক্তরা ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা অবৈধভাবে আয় করেছেন বলে প্রাথমিক তদন্তে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। পরে ওই অর্থ বিভিন্ন উপায়ে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগও উঠেছে। এ ঘটনায় বনানী থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিআইডির তথ্যমতে, বনানী এলাকায় ১৪ তলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও বোরাক রিয়েল এস্টেট অনুমতি ছাড়াই ২৮ তলা ভবন নির্মাণ করে সেখানে পাঁচতারকা হোটেল ‘শেরাটন’ পরিচালনা করে আসছিল। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না করেও এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়ে চুক্তির শর্ত সংশোধন করা হয়েছে।

এছাড়া ভবন নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রয়োজনীয় অনাপত্তিপত্র নেওয়া হয়নি বলেও জানিয়েছে সিআইডি। সংস্থাটির দাবি, নির্ধারিত সীমার বাইরে ভবনের উচ্চতা বাড়ানোয় বিমান উড্ডয়ন ও অবতরণে ঝুঁকি তৈরি হয়েছে।

সিআইডি জানিয়েছে, তদন্তের সময় বেদখল হওয়া সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ করা হলে মানিলন্ডারিংয়ের পরিমাণ আরও বাড়তে পারে। মামলাটি বর্তমানে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ তদন্ত করছে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ