Views Bangladesh Logo

ধানমন্ডি ৩২ থেকে ‘হাড়ের আলামত’ সংগ্রহ সিআইডির

 VB  Desk

ভিবি ডেস্ক

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, প্রায় অর্ধেক ভেঙে ফেলা ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে ‘কিছু হাড়’ পাওয়া গেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ‘‘৩২ নম্বর বাড়িতে ‘কিছু হাড়’ পাওয়া গেছে। এখন সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে, যাতে নিশ্চিত হওয়া যায়— সেগুলো মানুষের হাড় নাকি অন্য কোনো প্রাণীর।’’

আলামত সংগ্রহের পর সকাল ১০টা ১৫ মিনিটের দিকে সিআইডির দলটি স্থান ত্যাগ করে বলে জানান ওসি মাসুদ।

গত বুধবার শেখ হাসিনার পতন ও নির্বাসনের ছয় মাস পূর্তির দিনে ‘বুলডোজার শোভাযাত্রা’ কর্মসূচির মাধ্যমে ৩২ নম্বর বাড়িটি ভাঙা শুরু হয়। এরপর বৃহস্পতিবার সারাদিন সেখানে লুটপাটের পর বিকেলে গরু জবাই করে, বিরিয়ানি রান্না করা হয় এবং রাতে ভোজের আয়োজন করা হয়।

সেই দিন থেকে ধ্বংসস্তূপের মধ্যে লোহার রড তুলে কেটে নেয়ার চিত্র দেখা গেছে। কেউ কেউ অবশিষ্ট ভবনের অংশ হাতুড়ি দিয়ে ভেঙে রাস্তা তৈরির চেষ্টা করেছেন, আবার কেউ কেউ ফাঁকা জায়গার মাটি খুঁড়ে বৈদ্যুতিক তার বের করেছেন।

বুলডোজার কর্মসূচি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ ছিল না। বুধবার রাত থেকেই বিভিন্ন জেলা শহরে বঙ্গবন্ধু ও শেখ পরিবারের নামে নির্মিত ভাস্কর্য ও ম্যুরাল ভাঙচুর করা হয়। ভাঙচুরের পর আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। বিভিন্ন জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ও পুড়িয়ে দেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ