ফিশিং লিংকে মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে ৯ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার রাতে রংপুরে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সাইবার ইনভেস্টিগেশন টিম। বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সিআইডি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জের শাহীদ আল ইমরান সৌরভ (৩৬) এবং রংপুরের কোতোয়ালীর ইসলামপুরের মো. সাগর হোসেন (২৮)।
সিআইডি জানায়, গত ২ জুন ভুক্তভোগীর মোবাইল ফোনে সফটওয়্যার আপডেট-সংক্রান্ত একটি বার্তা আসে। বার্তাটি দেখার পর তাঁর মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে শুরু করে এবং ডিসপ্লে বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় চেষ্টা করেও তিনি ফোনটির নিয়ন্ত্রণ নিতে পারেননি।
পরে মোবাইলের ডিসপ্লে চালু হলে বিভিন্ন বার্তার মাধ্যমে তিনি জানতে পারেন, তাঁর ব্যাংক হিসাব থেকে বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে টাকা স্থানান্তর করা হয়েছে। ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে দেখা যায়, তাঁর হিসাব থেকে মোট ৯ লাখ ৮৬ টাকা স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় ৪ জুন পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। পরে মামলাটি সিআইডির সাইবার পুলিশ সেন্টার অধিগ্রহণ করে তদন্ত শুরু করে।
সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর হোসেন জানিয়েছেন, ফেসবুক ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাব সংগ্রহ ও নিয়ন্ত্রণ করতেন তিনি। প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ তোলার পর অনলাইনে দেশের বাইরে থাকা সহযোগীদের কাছে পাঠানো হতো। এর বিনিময়ে চক্রের সদস্যরা কমিশন পেতেন।
সিআইডি বলছে, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। চক্রটির সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলাটির তদন্তও চলছে।
মতামত দিন