নারী-সংক্রান্ত অভিযোগে চুনারুঘাটে ইউনিয়ন জামায়াতের আমির বহিষ্কার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সাজলকে নারী-সংক্রান্ত অভিযোগের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট দিবাগত রাতে উপজেলার গজারিয়াপাড়া এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী জামায়াতকর্মীর বাড়িতে নুরুল ইসলাম সাজলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন ওই কর্মী। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরবর্তীতে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মিজান মিয়া এবং অভিযুক্তের বড় ভাই কাজল মিয়ার অনুরোধে স্থানীয়ভাবে বিষয়টির সুরাহার আশ্বাসে তাকে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী হিসেবে দাবি করা ব্যক্তির অভিযোগ, গভীর রাতে নিজের বাড়িতে স্ত্রী ও নুরুল ইসলাম সাজলকে আপত্তিকর অবস্থায় দেখে তিনি প্রতিবেশীদের ডাক দেন। পরে এলাকাবাসী এসে অভিযুক্তকে আটক করলেও পরবর্তীতে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাসে তাকে মুক্তি দেওয়া হয়।
চুনারুঘাট উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মীর সাহেব আলী বলেন, অভিযোগ পাওয়ার পর দলীয়ভাবে বিষয়টি যাচাই করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বলে প্রতীয়মান হওয়ায় নুরুল ইসলাম সাজলকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিযুক্তের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এদিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ার বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন