Views Bangladesh Logo

চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি ভাড়া বাসা থেকে মাহমুদুর রহমান (৩৫) নামে এক আইসিটি সহকারী প্রোগ্রামারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকাল ১১টার দিকে জীবননগর পৌর শহরের বসতিপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহমুদুর রহমান চুয়াডাঙ্গা জেলা শহরের কাবাড়ী রোড এলাকার আতাউর রহমানের ছেলে। তিনি গত তিন বছর ধরে জীবননগর উপজেলায় আইসিটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাহমুদুর রহমানের তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে এবং তার স্ত্রী ইতি খাতুন বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। স্বজনরা জানান, পারিবারিক নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে মনোমালিন্য হতো। তবে ঘটনার আগের রাতে তাদের মধ্যে কোনো ঝগড়া বা বিবাদ হয়নি।

মাহমুদুরের স্ত্রী ইতি খাতুন জানান, সকালে তিনি সন্তানের জন্য জুস কিনতে বাইরে গিয়েছিলেন। বাইরে থেকে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন তিনি। এরপর সিলিং ফ্যানের সঙ্গে মাহমুদুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহতের বাবা আতাউর রহমান জানান, ছেলের সাথে তার পুত্রবধূর প্রায়ই পারিবারিক কলহ হতো। ঘটনার দিন (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে মাহমুদুর তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন এবং পরিবারের সবার খোঁজখবর নেন। এরপর হুট করেই তিনি ফোন কেটে দেন। এর কিছুক্ষণের মধ্যেই পরিবারে তার মৃত্যুর খবর পৌঁছায়।

খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখসহ পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, প্রাথমিক আলামত ও তদন্তের প্রেক্ষিতে এটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ