দেশজুড়ে বড়দিন উদ্যাপিত
দেশের খ্রিস্টান সম্প্রদায় বুধবার (২৫ ডিসেম্বর) উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন উদ্যাপন করেছে।
খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিশেষ প্রার্থনার আয়োজন করেছে এবং গির্জাগুলো আলোকসজ্জিত করে ও ঘর ও উপাসনালয়ে অস্থায়ী ক্রিসমাস ট্রি স্থাপন করেছে।
সান্তা ক্লজের পোশাক পরিহিত প্রবীণ ব্যক্তিরা শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন এবং শিশুদের উপহার বিতরণ করেছেন, যা খ্রিস্টান সম্প্রদায়ের একটি সার্বজনীন রীতি।
রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চসহ সব গির্জায় এবং ইন্টারকন্টিনেন্টাল, প্যান প্যাসিফিক সোনারগাঁও, দ্য ওয়েস্টিন ও র্যাডিসনসহ শহরের বিখ্যাত হোটেলগুলোতে বড়দিন উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক বার্তায় খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
তারা দেশের সব নাগরিকের, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে