Views Bangladesh Logo

‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে চট্টগ্রামের এসপি জাহাংগীর গ্রেপ্তার

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এসপি জাহাংগীরের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে এসআরইউ।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে গত ১০ নভেম্বর থেকে জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়েছিল। এ সময় তাঁর সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

এর আগে গত বুধবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছিলেন, জাহাংগীর আলমের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে তাঁর দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় এসপি জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ