পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক আবেদনে তিনি জানান, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কাজের গতিশীলতা বজায় রাখার স্বার্থে তাঁর বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করছেন। এ কারণে তিনি তাঁর পদত্যাগপত্র গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে দীপেন দেওয়ানের পদত্যাগ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করা হয়। সে সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দায়িত্ব পান দীপেন দেওয়ান। মন্ত্রিসভা গঠনের পর এই প্রথম কোনো মন্ত্রী পদত্যাগ করলেন।
প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি। দীপেন ১৯৬৩ সালের ৮ জুন রাঙ্গামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুবিমল দেওয়ান জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপ-জাতীয় বিষয়ক উপদেষ্টা ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে