Views Bangladesh Logo

মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার জন্য চিন্ময় দাসকে প্যারোলে মুক্তির অনুমতি

কারাগারে আটক সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক।

এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর মেখল পুণ্ডরিক ধামে মারা যান চিন্ময় কৃষ্ণ দাসের মা শ্রীমতী সন্ধ্যা রাণী ধর (৭১)। মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে চিন্ময়কে প্যারোলে মুক্তির আবেদন করে তার পরিবার।

চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এ বিষয়ে আবেদন করেন চিন্ময়ের ভাই রঞ্জন কুমার ধর। আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার তাকে নির্ধারিত সময়ের জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। তাঁর প্যারোল আবেদন মঞ্জুর করা হয়েছে। তাঁকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোল দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমরা শুনেছি। আদেশটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে মুক্তি দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্যারোলে মুক্তির সময় চিন্ময় কৃষ্ণ দাস মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। অনুষ্ঠান শেষে নির্ধারিত সময় অনুযায়ী তাকে আবার কারাগারে ফেরত নেওয়া হবে।

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ