Views Bangladesh Logo

ছেলেকে শেষবার দেখার আকাঙ্ক্ষা নিয়েই মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা

কারাগারে থাকা ছেলে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন তার মা সন্ধ্যা রাণী ধর। অসুস্থ অবস্থায় ছেলেকে দেখার সুযোগ দিতে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ছেলেকে একনজর দেখার আকাঙ্ক্ষা অপূর্ণ রেখেই মারা গেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে মারা যান সন্ধ্যা রাণী ধর। মৃত্যুর দুদিন আগে মঙ্গলবার তিনি নিজেই ওই আশ্রমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দীর্ঘদিন ধরে তার ছেলে চিন্ময় কৃষ্ণ দাসও এই আশ্রমে অবস্থান করতেন।

এর আগে অসুস্থ হয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সন্ধ্যা রাণী ধর। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। তবে হাসপাতালে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না তিনি। জীবনের শেষ সময় ছেলের সঙ্গে সম্পর্কিত পুণ্ডরীক ধাম আশ্রমেই কাটাতে চেয়েছিলেন বলে জানিয়েছে পরিবার।

মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে চিন্ময় কৃষ্ণ দাসের ভাই অঞ্জন কুমার ধর বলেন, তাদের মা আর নেই। জীবিত অবস্থায়ও তার ভাই কারাগারে থাকায় মাকে দেখার সুযোগ পাননি। পরিবারের আরেক সদস্য রঞ্জন কুমার ধর জানান, মরদেহ হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করা হবে। এরপর চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে। পুণ্ডরীক ধামেই সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে।

পরিবারের ভাষ্য, ছেলে দীর্ঘদিন কারাগারে থাকায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সন্ধ্যা রাণী ধর। ছেলের অসুস্থতা, বারবার জামিন না হওয়া এবং কারাগার থেকে মুক্তি না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছিল তার। সর্বশেষ ছেলের জামিনের শুনানিকে ঘিরে আশাবাদী হলেও তা না হওয়ায় তার মানসিক চাপ আরও বেড়ে যায়। এর মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

পরিবারের দাবি, দীর্ঘদিনের মানসিক চাপের মধ্যে সন্ধ্যা রাণী ধর স্ট্রোকে আক্রান্ত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌যন্ত্রের জটিলতাও দেখা দেয়। অসুস্থ মাকে দেখতে চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হলেও তা নাকচ হয়ে যায় বলে জানিয়েছে পরিবার। শেষ পর্যন্ত কারাগারে থাকা ছেলের সঙ্গে দেখা না হওয়ার বেদনা নিয়েই না ফেরার দেশে চলে গেলেন সন্ধ্যা রাণী ধর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ