ইউজিসি চেয়ারম্যান
বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষায় অগ্রাধিকার, ৩০ ক্যাম্পাসে হবে ল্যাঙ্গুয়েজ সেন্টার
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে পর্যায়ক্রমে ৩০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
মঙ্গলবার (৪ আগস্ট) ইউজিসি কার্যালয়ে ঢাকাস্থ চীনা দূতাবাস এবং চীনের জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির ছয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান জানান, বর্তমানে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার রয়েছে। আগামী তিন মাসের মধ্যে আরও ২০টি বিশ্ববিদ্যালয়ে নতুন কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু হবে। এর ফলে মোট ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষা শেখার সুযোগ পাবেন।
তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি এবং উন্নয়ন সহযোগিতা দ্রুত বাড়ছে। এ কারণে দুই দেশের সহযোগিতায় ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভাষা যেন সহযোগিতার পথে বাধা না হয়, সে লক্ষ্যেই চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
অধ্যাপক মামুন আহমেদ আরও বলেন, দেশে চীনা ভাষার দক্ষ শিক্ষক ও প্রশিক্ষকের অভাব রয়েছে। এ সমস্যা সমাধানে চীনের সহযোগিতায় বাংলাদেশি শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রশিক্ষকদের চীনে পাঠানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। একই সঙ্গে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিলে দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
বৈঠকে চীনা প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের কালচার কাউন্সেলর লি শাওফেং, থার্ড সেক্রেটারি শিয়ার দাওজিং, নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক মা শিয়াওইয়ারন, জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের পরিচালক শেন গুইহুয়ার, স্কুল অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডেপুটি ডিন টং ঝিনেং এবং সহযোগী অধ্যাপক ঝৌ শিয়ারওটিং।
মতামত দিন