প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কৌশলগত সহযোগিতার কথা তুলে ধরেন।
লি কিয়াং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে দুই দেশ পারস্পরিক সম্মান, লাভজনক সহযোগিতা এবং জয়-জয়ের নীতিতে এগিয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশের নতুন সরকার যেন মসৃণভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে সে বিষয়ে চীন সরকারের সমর্থন থাকবে। পাশাপাশি দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিতে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করা, সব ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত।
চীনা প্রধানমন্ত্রীর মতে, এ সহযোগিতা দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে