উসাইন বোল্টের বিশ্বরেকর্ড ভাঙল চীনা রোবট
জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের ১০০ মিটারের বিশ্বরেকর্ডের চেয়ে কম সময়ে দৌড় শেষ করে নতুন নজির গড়েছে চীনের একটি মানবাকৃতির রোবট। শনিবার (২২ আগস্ট) বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের বাছাইপর্বে ‘তিয়াংগং আল্ট্রা’ নামের রোবটটি ৯ দশমিক ৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড় সম্পন্ন করে।
রোবটটি তৈরি করেছে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার। আয়োজকদের তথ্যমতে, দৌড়ের শুরুতে পিছিয়ে থাকলেও শেষদিকে ‘লাইটনিং’ নামের আরেকটি রোবটকে পেছনে ফেলে প্রথম হয় তিয়াংগং। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনারের তৈরি লাইটনিং ১০০ মিটার শেষ করে ৯ দশমিক ৪৭ সেকেন্ডে।
লাইটনিংয়ের সময়ও বোল্টের বিশ্বরেকর্ডের চেয়ে কম। ২০০৯ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে ৯ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন বোল্ট।
তবে রোবটগুলোর দৌড় মানুষের অ্যাথলেটিক পারফরম্যান্সের মতো ছিল না। দৌড় শেষ হওয়ার পর থামার পরিবর্তে তারা ফিনিশিং ম্যাটে গিয়ে ধাক্কা খায়। তিয়াংগং নিয়ন্ত্রণ হারিয়ে এদিক-ওদিক ছুটে ট্র্যাকের সীমানায় গিয়ে পড়ে। এ সময় নিরাপত্তার কারণে দর্শকদের সরে যেতে হয়। অন্যদিকে, দৌড় শেষে পড়ে যাওয়া লাইটনিংকে স্ট্রেচারে করে সরিয়ে নেন কর্মীরা।
এবারের প্রতিযোগিতায় মানবাকৃতির রোবটগুলোর পারফরম্যান্সে গত বছরের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। প্রথম আসরে ২০২৫ সালে ১০০ মিটার দৌড়াতে তিয়াংগংয়ের সময় লেগেছিল ২১ দশমিক ৫০ সেকেন্ড। চলতি বছর প্রস্তুতিমূলক এক পরীক্ষায় লাইটনিং ৯ দশমিক ৩২ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছিল বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
এদিকে, চলতি বছরের হিউম্যানয়েড রোবট হাফ-ম্যারাথনেও জয় পেয়েছে লাইটনিং। ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় শেষ করতে রোবটটির সময় লেগেছে ৫০ মিনিট ২৬ সেকেন্ড। এই গতি পুরুষদের হাফ-ম্যারাথনের বিশ্বরেকর্ডের গতির চেয়েও বেশি।
মতামত দিন