Views Bangladesh Logo

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সংসদীয় যোগাযোগ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার ইয়াও ওয়েনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। সম্প্রতি চীনের ইউনান প্রদেশ সফরের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি সেখানকার আতিথেয়তা ও সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান।

কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও চীন দুই দেশের জনগণের উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, জনগণের জীবনমান উন্নয়ন, প্রযুক্তি, স্বাস্থ্য এবং অবকাঠামোসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা রয়েছে বাংলাদেশের।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ভিত্তি পায়। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, ওই সফর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখবে।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের সংসদীয় সম্পর্ক আরও জোরদারে দুই দেশের পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় সংসদ সদস্যদের পারস্পরিক সফর, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ গুরুত্ব দেয়। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে মংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং তিস্তা নদী প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশে দায়িত্ব পালনকালে পাওয়া সহযোগিতা ও আন্তরিকতার জন্য ডেপুটি স্পিকারসহ বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ইয়াও ওয়েন। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎ শেষে ডেপুটি স্পিকার ইয়াও ওয়েনের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সাফল্য এবং কল্যাণ কামনা করেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ