প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, বৈঠকে রাষ্ট্রদূত চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক ঐতিহাসিকভাবে দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের যে ভিত্তি তৈরি হয়েছিল, তা ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী (ডেভেলপমেন্ট পার্টনার)। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বিস্তৃত হয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে উভয় দেশ কাজ করবে।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ ও কৌশলগত অংশীদার রাষ্ট্র হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহায়তা দিয়ে আসছে। সম্ভাব্য এই সফর বাস্তবায়িত হলে দুই দেশের সম্পর্ক নতুন গতি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে