স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতা বৃদ্ধি এবং তিস্তা প্রকল্পসহ গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন।
বৈঠকে চলমান প্রকল্প যেমন বর্জ্য ব্যবস্থাপনা ও পানি শোধনাগার, তিস্তা প্রকল্পে চীনের সম্ভাব্য সহযোগিতা এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বৈঠকে উপস্থিত ছিলেন।
আলোচনায় বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি, আমিন বাজার পানি শোধনাগার সচল করার মতো প্রকল্পগুলোতে চীনের সহায়তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, চীনের সহযোগিতায় ইতোমধ্যেই বাংলাদেশে একাধিক প্রকল্প চলমান রয়েছে এবং এসব ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের চেষ্টা চলছে। তিস্তা প্রকল্পে চীন ইতোমধ্যেই সহায়তার প্রস্তাব দিয়েছে; তবে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর বিস্তারিত জানানো হবে।
মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে