Views Bangladesh Logo

বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিলো চীনের এক্সিম ব্যাংক

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনের এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইয়ু জানিয়েছেন, তার ব্যাংক চীনা উৎপাদন কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরের জন্য সহায়তা করবে, যাতে বাংলাদেশকে বৈশ্বিক বাজারে রপ্তানির অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।

বৃহস্পতিবার চীনের বোয়াও শহরে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্স ২০২৫-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

চীনের এক্সিম ব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবকাঠামো ও জ্বালানি খাতে অর্থায়ন করে আসছে। তবে এবারই প্রথমবার তারা বাংলাদেশে চীনা বেসরকারি শিল্পকারখানা স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করলো।

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশের কৌশলগত অবস্থান ও মানবসম্পদ দেশের অর্থনীতিকে বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করতে পারে।’ তিনি চীনের শীর্ষস্থানীয় উৎপাদকদের বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার তাদের জন্য আকর্ষণীয় সুবিধা দেবে এবং একটি ট্রেড করিডোর গড়ে তোলা হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ উৎপাদন খাতে চীনের পরিপূরক হতে পারে। সেই লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চলে চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেয়া হচ্ছে।’

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইয়ু বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাজারে পণ্য সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।’

তিনি উদাহরণ হিসেবে ভিয়েতনামের কথা উল্লেখ করে বলেন, ‘দেশটি চীনা ও পশ্চিমা বিনিয়োগের যথাযথ ব্যবহার করে তার অর্থনীতিকে বদলে ফেলেছে। বাংলাদেশ যদি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারে, তবে একইভাবে লাভবান হতে পারবে।’

এ বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন, ‘আমরা ভিয়েতনামের কাছ থেকে শিখবো।’

বাংলাদেশের কর্মকর্তারা এক্সিম ব্যাংকের অর্থায়নের দ্রুত অনুমোদন, নতুন অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন এবং ঋণের শর্ত শিথিল করার অনুরোধ জানান। বিশেষ করে, দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের বাস্তবায়নে সহযোগিতা চাওয়া হয়।

চেন হুয়াইয়ু জানান, এক্সিম ব্যাংক এসব বিষয় পর্যালোচনা করবে। পাশাপাশি, তিনি বাংলাদেশকে আরও বেশি চীনা মুদ্রা (আরএমবি) ভিত্তিক সহজ শর্তের ঋণ গ্রহণের পরামর্শ দেন।

উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা শিগগিরই পুনরায় বৈঠকে বসবেন এবং আলোচনার সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেবেন বলে জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন— বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ