Views Bangladesh Logo

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে চীন-রাশিয়ার ভেটো, ইরানকে সমর্থন

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি সংশোধিত প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে অনুষ্ঠিত ভোটে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়। তবে দুই স্থায়ী সদস্যের আপত্তিতে তা বাতিল হয়ে যায়।

এই পদক্ষেপের মধ্য দিয়ে মস্কো ও বেইজিং আবারও স্পষ্ট করল — আন্তর্জাতিক চাপের মুখেও তারা তেহরানের পাশ ছাড়ছে না।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাব পাসের জন্য প্রয়োজনীয় ৯টি ভোট নিশ্চিত হলেও রাশিয়া ও চীনের ভেটোয় তা কার্যকর হয়নি। ভোটাভুটিতে পাকিস্তান ও কলম্বিয়া বিরত থাকে। ইরানকে অতিরিক্ত দায়ী করা হচ্ছে — এই যুক্তিতেই দেশ দুটি এ অবস্থান নেয়।

এর আগে রাশিয়া ও চীনের বিরোধিতার মুখে প্রস্তাবে বেশ কিছু পরিবর্তন আনা হয়। প্রাথমিক খসড়ায় জাতিসংঘ সনদের 'অনুচ্ছেদ ৭' অন্তর্ভুক্তির প্রস্তাব ছিল, যা হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে সামরিক শক্তি প্রয়োগের বৈধতা দিত। দুই পরাশক্তির আপত্তির পর সংশোধিত প্রস্তাবে সরাসরি বলপ্রয়োগের পরিবর্তে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে রক্ষণাত্মক সমন্বয়ের কথা বলা হয়।


কূটনৈতিক মহলে ধারণা ছিল, প্রস্তাবের ভাষা নমনীয় হওয়ায় রাশিয়া ও চীন হয়তো বিরত থাকবে এবং সেভাবে পাসের একটি পথ তৈরি হবে। কিন্তু শেষ পর্যন্ত দেশ দুটির সরাসরি ভেটোয় সেই সম্ভাবনা ভেস্তে যায়। এর ফলে মধ্যপ্রাচ্য সংকট ও ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভেতরকার গভীর বিভক্তি আবার স্পষ্ট হয়ে উঠল।
এই ভেটোর মধ্য দিয়ে রাশিয়া ও চীন আন্তর্জাতিক অঙ্গনে ইরানের শক্তিশালী মিত্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল। একই সঙ্গে হরমুজ প্রণালির উত্তেজনা প্রশমনে জাতিসংঘের কূটনৈতিক প্রচেষ্টা বড় ধাক্কা খেল। এই সংকটের সমাধান কোন পথে আসবে — তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ