বাংলাদেশ থেকে আম আমদানি করতে চায় চীন
বাংলাদেশ থেকে এ বছরই আম নিতে চায় চীন। সেজন্য, চীনের একটি এক্সপার্ট প্রতিনিধি দল আম পাকার সময়ে বাংলাদেশে আম বাগান ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করতে চায়। জুন মাসের প্রথম দিকে প্রতিনিধি দল বাংলাদেশে আসতে চায়। এ প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতে চীনের কাস্টমস বিভাগ বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে।
সোমবার (২৯ এপ্রিল) সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এর সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করে এসব বিষয় জানান। এসময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী, যুগ্মসচিব মো. মাহমুদুর রহমান, চীনা দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সেলর সঙ ইয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষিতে চীনের বিনিয়োগ কামনা করে এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণ করতে চীনের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে দেশের কৃষকেরা যাতে কম দামে আধুনিক কৃষিযন্ত্র পেতে পারে, এক্ষেত্রে চীনের সহযোগিতা প্রয়োজন। কারণ, চীন থেকে তুলনামূলক কম দামে আমরা যন্ত্র কিনতে পারি।
মতামত দিন