Views Bangladesh Logo

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর ঢাকায় চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন পৃথক বার্তায় তাঁকে অভিনন্দন জানায়।

রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার ১৫ মিনিট পর চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়। এর ১৫ মিনিট পর একইভাবে অভিনন্দন জানায় ব্রিটিশ হাইকমিশন।

বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হয়। বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করেন। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।

ফল ঘোষণার পর অভিনন্দন বার্তায় চীনা দূতাবাস বলেছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন এই যুগে যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তুলতে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং। এর মাধ্যমে দুই দেশ ও দুই দেশের জনগণ বড় ধরনের উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছে চীন।

অন্যদিকে ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাজ্য।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ