Views Bangladesh Logo

তিস্তা প্রকল্পে আগ্রহী চীন, পাঠাচ্ছে কারিগরি দল

 VB  Desk

ভিবি ডেস্ক

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তা নিতে আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ জন্য বেইজিংয়ের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চাওয়া হয়েছে। প্রকল্পটি নিয়ে চীনও আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে এই আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।

বৈঠক রাষ্ট্রদূত জানান, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চলতি বছরের শেষ দিকে বাংলাদেশে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল পাঠানো হবে।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরের পর এ বিষয়ে দুই দেশের আলোচনায় নতুন গতি আসে। পানিসম্পদ মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব ও ইআরডির (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) উদ্যোগে গত জুলাইয়ে চীনা দূতাবাসে পাঠানো নোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঋণ আবেদন করা হয়।

প্রকল্পের প্রথম ধাপের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৫ কোটি ডলার। এর মধ্যে ৫৫ কোটি ডলার আসবে চীনের ঋণ থেকে, বাকি অর্থ জোগান দেবে বাংলাদেশ সরকার। ২০২৬ সালে কাজ শুরু করে ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিস্তা প্রকল্পে ভারতও আগে আগ্রহ দেখিয়েছিল। ২০২৪ সালে তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়েত্রা ঢাকায় এসে ভারতের বিনিয়োগ প্রস্তাব দিয়েছিলেন। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে সমঝোতার পথেই এগোচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন, তিস্তা বাংলাদেশের জন্য শুধু অর্থনৈতিক নয়, কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। নদীটির উৎস চীনে এবং দেশটি ইতোমধ্যেই তিস্তা ও পার্শ্ববর্তী কয়েকটি নদীতে বাঁধ নির্মাণ করেছে। ফলে চীনের সম্পৃক্ততা থাকলে পানিপ্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রেও আলোচনার সুযোগ বাড়বে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তিস্তা প্রকল্পে চীন আগ্রহী হলেও বাস্তবায়ন কাঠামো নির্ধারণের পূর্ণ স্বাধীনতা থাকবে বাংলাদেশের হাতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ