Views Bangladesh Logo

চীনের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ট্রাভেল এজেন্সির জন্য নতুন শর্ত

বাংলাদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জালিয়াতি রোধে নতুন নিয়ম চালু করেছে চীন দূতাবাস। সম্প্রতি দূতাবাস জানায়, কিছু ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ভুয়া আবেদন, অতিরিক্ত ফি আদায়, ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেখানো, আবেদন আটকে রাখা এবং প্রতারণার মতো অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে।

দূতাবাসের মতে, এসব অনিয়ম ভিসা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং আবেদনকারীদের ক্ষতিগ্রস্ত করছে। তাই আগামী ৫ জুলাই থেকে নতুন শর্ত কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীর পক্ষে ভিসা প্রক্রিয়ায় সহায়তাকারী ট্রাভেল এজেন্সিগুলোর অবশ্যই আন্তর্জাতিক স্বীকৃত সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের অনুমোদন থাকতে হবে। একইসঙ্গে দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট ট্রাভেল এজেন্সিকে একচেটিয়া অনুমোদন বা অংশীদার হিসেবে মনোনীত করা হয়নি।

দূতাবাস আরও জানায়, আবেদনকারীদের ট্রাভেল এজেন্সির ওপর নির্ভর না করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভিসার আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। এতে স্বচ্ছতা বাড়বে এবং প্রতারণার ঝুঁকি কমবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, যারা চীনা দূতাবাসের নামে বা ছদ্মবেশে বাণিজ্যিক ভিসা কার্যক্রম পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নাগরিকদের জালিয়াতি থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

যেকোনো অনিয়ম বা সন্দেহজনক কার্যক্রমের বিষয়ে যোগাযোগ করতে বলা হয়েছে নিম্নলিখিত ইমেইলে: chinaemb_bd@mfa.gov.cn / dhaka@csm.mfa.gov.cn

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ