তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল চীন
তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে আগের মতোই সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালেই তিস্তা প্রকল্পে কাজ করবে চীন।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীতে চীনা দূতাবাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অনুরোধ অনুযায়ী তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। এ প্রকল্পে চীনের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে। এ বিষয়ে বেইজিংয়ের অবস্থান আগের মতোই রয়েছে এবং এর বাইরে অন্য কোনো বিষয় তাদের বিবেচনায় নেই।
রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। উভয় দেশ বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পে সহযোগিতা বাড়াতে কাজ করছে।
তিস্তা নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলের নদীভাঙন রোধ, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পানি ব্যবস্থাপনা উন্নয়নের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার বিষয়ে চীন আগের অবস্থানই বহাল রেখেছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত।
মতামত দিন