Views Bangladesh Logo

বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নে সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও সামরিক শিক্ষা বিনিময়ের বিষয়েও মতবিনিময় করেন তারা।

আধুনিক সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন উভয় দেশের প্রতিনিধিরা। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও চীনের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্বের কথা স্মরণ করেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় চীনের সহযোগিতার বিষয়টি উল্লেখ করে ভবিষ্যতে এ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীনের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে দুই পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার এবং দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ