বরখাস্ত হলেন চীনা প্রতিরক্ষামন্ত্রী
চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু ‘কে বরখাস্ত করেছে সি চিন পিং সরকার। মঙ্গলবার (২৪ অক্টোবর) তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়। এর আগে গত জুলাই মাসে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই চাকরি হারালেন লি শাংফু। তাকে দ্বিতীয় প্রভাবশালী মন্ত্রী হিসেবে বিবেচনা করা হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির তথ্যমতে, প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে লি‘কে বরখাস্তের সিদ্ধান্তটি অনুমোদন দেয় ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটি। তবে তার উত্তরসূরির নাম এখনও ঘোষণা করেনি কমিটি।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, মার্চ মাসে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত হন লি শাংফু। তবে আগস্টের শেষ দিক থেকে জনসমক্ষে তাকে দেখা যায়নি। তার পর থেকে তার ভাগ্য নিয়ে তীব্র জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়।
এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, বরখাস্ত হওয়া লি যন্ত্রপাতি সংগ্রহ এবং উন্নয়ন সংক্রান্ত সন্দেহজনক দুর্নীতির জন্য তদন্তের অধীনে আছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার পদ থেকে লি শাংফুর পাশাপাশি ক্ষমতাচ্যুত কিন গ্যাংকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে পরপর দুজন জ্যেষ্ঠ মন্ত্রীর বরখাস্তের ঘটনায় সি চিন পিং এর শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। যিনি চীনের রাজনৈতিক ব্যবস্থাকে আরও অস্বচ্ছ করে তুলেছেন। সেইসঙ্গে ক্ষমতাকে কেন্দ্রীভূত করার পাশাপাশি কঠোর দলীয় শৃঙ্খলা প্রয়োগ করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে