তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডর বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও গভীর করতে তিস্তা মহাপরিকল্পনা, চীন–মিয়ানমার–বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) এবং অন্যান্য যৌথ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘তুলনামূলক শাসনব্যবস্থা বিষয়ক ফোরাম-২০২৬’-এর যৌথ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইয়াও ওয়েন বলেন, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ওই সফরে বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে পারস্পরিক অঙ্গীকার করেছে।
তিনি বলেন, আগামী ৫০ বছরকে বাংলাদেশ-চীন সম্পর্কের ‘সোনালি অধ্যায়’ হিসেবে গড়ে তুলতে দুই দেশ যৌথভাবে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সমন্বিত তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দর আধুনিকায়ন এবং চীন–মিয়ানমার–বাংলাদেশ অর্থনৈতিক করিডরসহ (সিএমবিসি) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব উদ্যোগ পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দুই দেশের বিদ্যমান সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়িত হলে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। এতে নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
মতামত দিন