নতুন পররাষ্ট্রমন্ত্রীকে চীন–ভারতের অভিনন্দন
বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রতিবেশী দুই দেশ চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক বার্তায় চীনের ওয়াং ই এবং ভারতের এস জয়শঙ্কর এই শুভেচ্ছা জানান।
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক পর্যায় থেকে এটিই ড. খলিলুর রহমানের জন্য প্রথম আনুষ্ঠানিক অভিনন্দন বার্তা। বিশ্লেষকদের মতে, দুই দেশের এমন দ্রুত প্রতিক্রিয়া বাংলাদেশ–চীন ও বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ সহযোগিতার ইতিবাচক ইঙ্গিত বহন করে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাঁর বার্তায় নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা করেন, চীন–বাংলাদেশ সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে।
অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পারস্পরিক অগ্রগতি ও জনকল্যাণে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, বিদ্যমান শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিতে তিনি ড. খলিলুর রহমানের সঙ্গে কাজ করতে আগ্রহী। আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্ব দেন।
ড. খলিলুর রহমান এর আগে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কূটনৈতিক ও কৌশলগত অভিজ্ঞতার কারণে প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তাঁর ওপর আস্থা প্রকাশ করেছেন বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের নতুন সরকারের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করা এবং ভূরাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। একই দিনে ঢাকায় অবস্থিত চীন ও ভারতের দূতাবাস থেকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক অভিনন্দন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে