Views Bangladesh Logo

এবার মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ চীনের

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনা পণ্যে নতুন মার্কিন শুল্কের দ্রুত প্রতিক্রিয়া হিসাবে মার্কিন পণ্য রপ্তানিতে শুল্ক চাপিয়েছে দেশটি। মার্কিন কয়লা ও এলএনজির জন্য ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, খামার সরঞ্জাম ও কিছু অটোমোবাইলসের জন্য ১০ শতাংশ শুল্ক আরোপ করছে চীন।

রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে সব চীনা পণ্য আমদানিতে ট্রাম্প আরোপিত অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে কার্যকর হয়েছে। এর কয়েক মিনিটের মধ্যে পাল্টা নতুন শুল্ক আরোপ করে চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে।

বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে একটি চীন বাণিজ্যযুদ্ধ পুনর্নবীকরণ করেছে। কারণ হিসেবে দেশটির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ ওষুধের প্রবাহ বন্ধ না করায় চীনকে শাস্তি দেয়ার চেষ্টা করেছিলেন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং এর শুল্ক প্রশাসন জানিয়েছে, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষায়’ টংস্টেন, টেলুরিয়াম, রুথেনিয়াম, মলিবডেনাম এবং রুথেনিয়াম-সম্পর্কিত পণ্যগুলোতে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করছে দেশটি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) কার্যকরের আগ মুহূর্তে মেক্সিকো এবং কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক স্থগিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দুই প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত অপরাধ নির্মূলে নিরাপত্তা জোরদার ও ১০ হাজার করে সৈন্য মোতায়েনের বিনিময়ে এ সিদ্ধান্ত কার্যকরে ৩০ দিনের বিরতিতে সম্মত হয়েছেন তিনি।

তবে চীনের জন্য এমন কোনো প্রতিকার ছিল না। কেননা, হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প শেষ পর্যন্ত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন না।

শনিবার (১ ফেব্রুয়ারি) পণ্য রপ্তানিতে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প। চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপেরও ঘোষণা দেন তিনি।

শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম। এই আলাপের পর শুল্ক আরোপ স্থগিতে তাদের মধ্যে সমঝোতা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ