Views Bangladesh Logo

ফ্যামিলি কার্ড ও সামাজিক সুরক্ষা নিয়ে চীন-বাংলাদেশের আলোচনা

বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচি, বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগ নিয়ে চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ বিষয়ে মতবিনিময় করেন। এ সময় সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফও উপস্থিত ছিলেন।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগিতা, কৌশলগত অংশীদারত্ব ও পারস্পরিক শ্রদ্ধার ক্ষেত্রে চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। প্রযুক্তি খাতে, বিশেষ করে স্মার্ট কার্ড প্রযুক্তিতে চীন বিশ্বে অন্যতম অগ্রগামী দেশ।

তিনি জানান, বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকারগুলোর একটি ‘ফ্যামিলি কার্ড’—যা একটি ডাটাবেজনির্ভর ডিজিটাল সামাজিক সুরক্ষা প্ল্যাটফর্ম। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করা হবে।

মন্ত্রী আরও বলেন, এ কর্মসূচিকে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে চীনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থান সৃষ্টিতেও চীনের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি ইতোমধ্যে বাংলাদেশের নিম্নআয়ের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি জানান, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচন খাতে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে আগ্রহী চীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ