Views Bangladesh Logo

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিলির সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা (৭৪)। অবশ্য হেলিকপ্টারে থাকা অপর তিন আরোহী বেঁচে যান। এক বিবৃতিতে পিনেরার মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর দপ্তর।

পিনেরার দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে চিলি প্রজাতন্ত্রের সাবেক এই প্রেসিডেন্ট মারা গেছেন।’

সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চল লাগো রানকো জেলায় একটি হ্রদে পিনেরাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ সময় জেলাটিতে সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে অবকাশ কাটাচ্ছিলেন তিনি।

এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা জানিয়েছেন, লাগো র‌ানকো শহরের নিকটবর্তী ওই হ্রদ থেকে সাবেক প্রেসিডেন্টের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়াও পিনেরার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন দক্ষিণ আমেরিকার বর্তমান ও সাবেক রাষ্ট্র ও সরকার প্রধানরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, পিনেরার মৃত্যুতে তিনি ‘স্তম্ভিত ও মর্মাহত’।

নিহত পিনেরা দুই দফায় চিলির প্রেসিডেন্ট ছিলেন। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে চিলির প্রেসিডেন্ট হিসেবে ছিলেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ