নিখোঁজের ৩ দিন পর বান্দরবানে রেইছা ছড়া থেকে শিশুর মরদেহ উদ্ধার
বান্দরবানে নিখোঁজের তিনদিন পর চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে জেলার সদর উপজেলার রেইছা বাজার সংলগ্ন একটি নির্মাণাধীন ব্রিজের নিচে ভেসে থাকা অবস্থায় শিশুটির লাশ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত শিশুর নাম সত্যজিৎ চাকমা। সে সদর ইউনিয়নের সিনিয়র রেইছাপাড়ার বাসিন্দা সমিরণ চাকমার ছেলে।
সদর ইউনিয়নের চেয়ারম্যান অং চাহ্লা মারমা জানান, গত সোমবার (৭ জুলাই) সকাল থেকেই ওই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। তিনি ধারণা করছেন, টানা বৃষ্টির ফলে পাহাড়ি ঢলে খালের পানি বেড়ে যাওয়ায় শিশুটি পানির স্রোতে ভেসে গিয়ে মারা যেতে পারে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির নিখোঁজ হওয়ার বিষয়ে দুই দিন আগে পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছিল। আজ সকালে রেইছাছড়া খাল থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, শিশুটি পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে