সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত শিশুসাহিত্যিক আখতার হুসেন
শিশুসাহিত্যিক ও ছড়াকার আখতার হুসেনকে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন সহকর্মী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে সিরাজগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সকাল ১০টার দিকে আখতার হুসেনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর ছাত্র ইউনিয়নের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়। পরে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অব অনার।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আখতার হুসেনের প্রতি শ্রদ্ধা জানায় খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ, দৈনিক প্রথম আলো, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন, সাংস্কৃতিক ইউনিয়ন ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলসহ বিভিন্ন সংগঠন।
আখতার হুসেনের ছোট ছেলে প্রমিত হুসেন জানান, সমসাময়িক অনেক সহকর্মীর মৃত্যু তাকে ভীষণভাবে শোকগ্রস্ত করেছিল। শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও তিনি চিকিৎসকের কাছে যেতে চাইতেন না। পরে হাসপাতালে নেওয়ার পর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। লাইফ সাপোর্টে রেখেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আখতার হুসেন। সেদিন বাদ মাগরিব তেজগাঁওয়ের রেলওয়ে জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।
১৯৪৫ সালের ১ নভেম্বর জন্ম নেওয়া আখতার হুসেনের পৈতৃক বাড়ি নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে। ছয় দশকের বেশি সময় ধরে শিশু-কিশোরদের জন্য লিখেছেন তিনি। ছড়া ও শিশুতোষ সাহিত্যের পাশাপাশি জীবনী, অনুবাদ ও সম্পাদনার কাজেও তার অবদান রয়েছে। প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক।
মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে সক্রিয় ছিলেন আখতার হুসেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তার লেখা ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা/ আজ রুখবে তাদের কারা’ গানটি মুক্তিযুদ্ধের সময়ের স্মরণীয় সংগীতগুলোর একটি। অজিত রায়ের সুরে গানটি গেয়েছিলেন তিমির নন্দী।
বাংলাদেশ শিশু একাডেমির পাঁচ খণ্ডের ‘শিশু-বিশ্বকোষ’-এ সবচেয়ে বেশি সংখ্যক ভুক্তি লেখার কৃতিত্বও রয়েছে তার। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘সমুদ্র অনেক বড়’, ‘রামধনুকের সাঁকো’, ‘উল্টোপাল্টা’, ‘হালচাল’, ‘আমার দুটো ডানা’, ‘ও হাওয়া ও হাওয়া’, ‘পাজি বেড়ালের শাস্তি’, ‘ফ্রিডম ফাইটার’, ‘কর্ণকুসুম ও কালোপাখার প্রজাপতি’, ‘খেলাঘরের পুতুলগুলো’ ও ‘চারণকবি মুকুন্দদাস’।
সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন আখতার হুসেন। এর মধ্যে রয়েছে অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ভাষা শহীদ আবদুল জব্বার স্মৃতিপদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রদত্ত মুক্তিযোদ্ধা কলম সৈনিক সম্মাননা স্মারক, মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ও বজলুর রহমান স্মৃতিপদক।
আখতার হুসেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। সংগঠনটির শুরুর দিকের বিভিন্ন নাটক রচনা ও নির্দেশনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি খেলাঘরের সংগঠক হিসেবে সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।
খেলাঘরের জনপ্রিয় সংগীত ‘আমরা তো সৈনিক, শান্তির সৈনিক’ তার লেখা। ছাত্র ইউনিয়নের সংগঠন সংগীত ‘আমরা তো ঐক্যের দৃঢ়বলে বলীয়ান, শোষণের কারাগার ভাঙবই’-এর রচয়িতাও তিনি। দীর্ঘ সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিশু-কিশোরদের সাহিত্য এবং দেশের সাংস্কৃতিক আন্দোলনে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছিলেন আখতার হুসেন।
মতামত দিন