অন্তবর্তী সরকারের ভুল নীতিতেই হামে মারা যাচ্ছে শিশুরা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া কিছু ভুল নীতির কারণেই বর্তমানে হাম ও রুবেলায় আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু ঘটছে। তিনি এ ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন।
রোববার (১৯ এপ্রিল) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, টিকাদান কর্মসূচি দীর্ঘদিন ধরে ‘সেক্টর সাপোর্ট’ কর্মসূচির আওতায় চলছিল। এর মেয়াদ ২০২০ সালে শেষ হলেও তা ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে হঠাৎ করেই এই কর্মসূচি বন্ধ করে দেওয়া হয় এবং টিকাদান কার্যক্রম কীভাবে চলবে সে বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে টিকাদান কার্যক্রম ব্যাহত হয় এবং হামের মতো প্রতিরোধযোগ্য রোগে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন।
তিনি জানান, বর্তমানে সরকার দ্রুত হাম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
ড. এম এ মুহিত আরও বলেন, দীর্ঘদিন ধরেই দেশের স্বাস্থ্যখাত অবহেলিত ছিল। ফলে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। কোথাও চিকিৎসক নেই, কোথাও যন্ত্রপাতি নেই, আবার কোথাও থাকলেও তা অচল অবস্থায় পড়ে আছে। এমনকি হাসপাতালের পরিবেশও অত্যন্ত নাজুক বলে তিনি মন্তব্য করেন। এ পরিস্থিতি থেকে উত্তরণ বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও তিনি উল্লেখ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়া হায়দার। তিনি বলেন, বিগত বছরগুলোতে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্যখাতে জনগণের আস্থা কমে গেছে এবং চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে।
তিনি একটি সমন্বিত স্বাস্থ্যব্যবস্থার রূপরেখা তুলে ধরে প্রাথমিক ও মাধ্যমিক সেবার মধ্যে শক্তিশালী রেফারেল ব্যবস্থা, ডিজিটাল স্বাস্থ্য আইডি, টেলিমেডিসিন এবং উপজেলা ও জেলা পর্যায়ে সেবার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেন।
আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞরা স্বাস্থ্যখাত সংস্কার, চিকিৎসা শিক্ষা উন্নয়ন, শ্বাসযন্ত্রজনিত রোগ নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা, ওষুধ শিল্পের মানোন্নয়ন এবং শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সেমিনারটির আয়োজন করে ‘সুস্বাস্থ্যের জন্য বাংলাদেশ’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে