Views Bangladesh Logo

৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা পাবে হামের ভ্যাকসিন: ডিজিএইচএস

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে একটি অতিরিক্ত বিশেষ টিকাদান অভিযান চালাতে যাচ্ছে সরকার।

আগামী জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া এক মাসব্যাপী এই কর্মসূচিতে প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই বিশেষ অভিযানের আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হাম টিকা দেওয়া হবে। আগে শিশুদের ৯ মাস বয়স পূর্ণ হওয়ার পর এই টিকা দেওয়া হতো।

তবে বর্তমান সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই অভিযানের সময় ৬ মাস বয়সী শিশুরাও হাম টিকা গ্রহণ করতে পারবে।

সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত জাতীয় টিকাদান প্রযুক্তি পরামর্শক কমিটির (NITAG) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশীদ।

তিনি গণমাধ্যমকে জানান, নির্ধারিত বয়সের আগেও বিশেষ অভিযানে টিকা দেওয়ার প্রচলন বিভিন্ন দেশে রয়েছে এবং এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার  নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী NITAG ৬ থেকে ১০ মাস বয়সী শিশুদেরও এই বিশেষ অভিযানে টিকা দেওয়ার সুপারিশ করেছে।

তবে নিয়মিত টিকাদান কর্মসূচিতে ৯ মাসের আগে এই টিকা দেওয়া হবে না। বয়সসীমা অপরিবর্তিত রাখার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে  বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো নির্দিষ্ট সুপারিশ নেই এবং বিষয়টি এখনো গবেষণাধীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ