Views Bangladesh Logo

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বন্যার পানিতে ভেসে আড়াই বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এ বন্যার পানিতে ভেসে গিয়ে আড়াই বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১টার দিকে ক্যাম্পটির ডি-২ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত হলেন- উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জলিলের ছেলে মোহাম্মদ আরশিদ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও প্রবল পানির স্রোতের মধ্যে দুপুরে শিশুটি নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য, স্থানীয় রোহিঙ্গা ও স্বেচ্ছাসেবকেরা তাকে খুঁজতে শুরু করেন।

ক্যাম্পের সিআইসি কমিটির সদস্য আলী জুহার জানান, দুপুরে ক্যাম্প-৫-এর ডি-২ ব্লকের বন্যাকবলিত এলাকায় শিশুটি নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজি পর বুধবার সন্ধ্যায় উখিয়ার বালুখালী কাস্টমস খাল থেকে পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি হামিদ উল্লাহ বলেন, দুপুর থেকে টানা বৃষ্টির কারণে ক্যাম্পের বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যায়। ওই সময় খেলতে গিয়ে শিশুটি পানির স্রোতে ভেসে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ