Views Bangladesh Logo

জ্বরের চিকিৎসা নিতে আসা শিশুকে দেওয়া হলো কুকুরের কামড়ের ভ্যাকসিন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসা নিতে আসা এক শিশুকে ভুল করে কুকুরের কামড়ের ভ্যাকসিন দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার পাঁচ বছরের মেয়ে আলিফাকে জ্বরে আক্রান্ত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন। একই সময় শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের ছেলে নাজমুলকে কুকুরের কামড়ের চিকিৎসার জন্য হাসপাতালে আনেন।

দুই রোগী হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম তাদের আলাদা আলাদা ব্যবস্থাপত্র দেন। তবে জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (সেকমো) আবু ইউসুফ চিকিৎসকের প্রেসক্রিপশন না দেখেই ভুলবশত জ্বরে আক্রান্ত আলিফাকে কুকুরের ভ্যাকসিন প্রয়োগ করেন।

ভুলটি বুঝতে পেরে রোগীর স্বজনরা প্রতিবাদ করলে হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

এ বিষয়ে আবু ইউসুফ বলেন, একই সময়ে দুই রোগী জরুরি বিভাগে আসায় ভুলক্রমে জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে শিশুর কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তিনি অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান জানান, ভুলভাবে ভ্যাকসিন দেওয়া হলেও শিশুর বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তবে দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তাকে বিধি অনুযায়ী শোকজ করা হবে।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবার এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ করেছে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ