নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের মারধরে আহত শিশু, শিক্ষক গ্রেপ্তার
নরসিংদীতে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বেলা ১১টার দিকে শহরের ভেলানগর জেলখানা মোড় এলাকার মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহত শিশু মুজাহিদ (৭) শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর গ্রামের জুয়েল আহমেদের ছেলে। অভিযুক্ত শিক্ষক নাজমুস সাকিব ময়মনসিংহ সদরের বাগমারা গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী শহরের ভেলানগর জেলখানা মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত মুজাহিদ। শুক্রবার সকালে ঠান্ডা পানিতে গোসল করতে অপারগতা প্রকাশ করলে শিক্ষক নাজমুস সাকিব তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে দুপুরে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে ছেলের গুরুতর শারীরিক অবস্থা দেখে তাকে বাড়িতে নিয়ে যান। পরে রাতে মুজাহিদ বারবার বমি করতে থাকে। শারীরিক অবস্থার আরও অবনতি হলে শনিবার সকালে তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা জুয়েল আহমেদ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে