Views Bangladesh Logo

সিলেটে মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেপ্তার

সিলেটে এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে নগরের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গ্রেপ্তার করা ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মতিউর রহমান (২৭) মাদ্রাসাটির আরবি বিভাগের শিক্ষক। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আশিক আলীর ছেলে।

পুলিশ জানায়, গত এক মাস ধরে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক মতিউর রহমান বিভিন্ন সময়ে মাদ্রাসাটির ১১ বছর বয়সী এক ছাত্রকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর সকালে ওই ছাত্রকে নিজের কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করা হয়।

পরে সোমবার (২৯ সেপ্টেম্বর) ভুক্তভোগী শিশুটির মা সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এরপর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, মতিউর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ